অভিনয় ও চিত্রনাট্যে এআই নয়, অস্কারে প্রাধান্য পাবে মানুষ
বিনোদন ডেস্ক: চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়তে থাকলেও এবার বড় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। নতুন নিয়ম অনুযায়ী, অভিনয় ও চিত্রনাট্য লেখার ক্ষেত্রে শুধুমাত্র মানুষের তৈরি কাজই অস্কারের জন্য বিবেচিত হবে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ১ মে শুক্রবার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই নতুন নিয়ম ঘোষণা করে। এতে বলা হয়েছে, যেসব অভিনয় সরাসরি মানুষের এবং যেসব চিত্রনাট্য মানুষের লেখা শুধুমাত্র সেগুলিই পুরস্কারের জন্য যোগ্য হবে।একাডেমি এটিকে নিয়মের একটি বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেছে। এর আগে স্পষ্টভাবে বলা হয়নি যে পুরস্কারের জন্য কাজ অবশ্যই মানুষের হতে হবে।সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। এমনকি প্রয়াত অভিনেতা ভ্যাল কিলমারকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্দায় ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি সম্পূর্ণ নতুন কৃত্রিম অভিনেতা তৈরির ঘটনাও সামনে এসেছে।চিত্রনাট্য লেখকদের ধর্মঘটের সময়ও চলচ্চিত্র ও টেলিভিশনে এআই ব্যবহারের বিষয়টি বড় ইস্যু হয়ে উঠেছিল।তবে নতুন নিয়মে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। অভিনয় ও লেখার ক্ষেত্রে মানবসৃষ্ট কাজকে অগ্রাধিকার দেওয়া হলেও অন্যান্য ক্ষেত্রে এআই ব্যবহৃত হলে তা পুরস্কারের যোগ্যতায় বাধা হবে না।একাডেমি জানিয়েছে, প্রতিটি চলচ্চিত্রের ক্ষেত্রে সৃজনশীল নিয়ন্ত্রণ কতটা মানুষের হাতে ছিল, তা মূল্যায়ন করা হবে। প্রয়োজনে এআই ব্যবহারের বিষয়ে বিস্তারিত তথ্যও চাওয়া হতে পারে।বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও চলচ্চিত্রের সৃজনশীল কেন্দ্রে মানুষকেই রাখতে চায় অস্কার কর্তৃপক্ষ।