• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৭:৩৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
নূরা নয়, নরসিংদীর ওই কিশোরীকে হত্যা করে সৎপিতা: আদালতে জবানবন্দি

নূরা নয়, নরসিংদীর ওই কিশোরীকে হত্যা করে সৎপিতা: আদালতে জবানবন্দি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী কিশোরীর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীর সৎপিতা আশরাফ আলী স্বীকার করেছেন, তিনি মেয়েটিকে গলাটিপে হত্যা করেছেন এবং ধর্ষক নূর মোহাম্মদ নূরাসহ অন্যদের দোষারোপ করার জন্য মিথ্যা নাটক সাজিয়েছিলেন।৬ মার্চ বৃহস্পতিবার নরসিংদীর মাধবদী থেকে সন্দেহভাজন সৎপিতা আশরাফ আলীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি নিজেই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে জবানবন্দিও দিয়েছেন।৭ মার্চ শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ সুপার জানান, ১০ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ নূরাসহ একাধিক আসামি কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এরপর সৎপিতা আশরাফ আলী ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে পরিকল্পিতভাবে হত্যা করেন। তিনি মেয়েটিকে জনৈক সুমনের বাড়িতে রেখে সরিষা ক্ষেতের ধারে পৌঁছে গলায় চেপে ধরে ওড়না দিয়ে শ্বাসরোধ করেন। এরপর নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে নূরাসহ অন্যান্যদের ওপর দায় চাপানোর জন্য মিথ্যা নাটক সাজান।এর আগে ২৫ ফেব্রুয়ারি সকালে মাধবদীর একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে নূরাকে প্রধান করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে মোট ৮ আসামিকে গ্রেফতার করেছে। পহেলা মার্চ আদালত ৭ আসামিকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করলেও হত্যার রহস্য উদঘাটনের জন্য গোয়েন্দা পুলিশ সৎপিতার ওপর নজরদারি চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে।