• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ১২:৪৫:১৭ (16-Apr-2026)
  • - ৩৩° সে:
ঢাকা বার নির্বাচনে অংশ নেবে না জামায়াত প্যানেল: শিশির মনির

ঢাকা বার নির্বাচনে অংশ নেবে না জামায়াত প্যানেল: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) নির্বাচনে অংশগ্রহণ করবে না জামায়াতে ইসলামি সমর্থিত সবুজ প্যানেল এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।১৫ এপ্রিল বুধবার ঢাকা বার ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।শিশির মনির অভিযোগ করে বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে ষড়যন্ত্র, অনিয়ম ও পক্ষপাতমূলক ভূমিকা নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচন শুরুর আগেই নির্বাচন কমিশনকে একপক্ষের অনুকূলে সাজানো হয়েছে।শিশির মনির বলেন, ঢাকা বারের প্রচলিত রীতিতে নির্বাচন কমিশনের সদস্যদের দুই প্যানেল থেকে সমানভাবে নেওয়ার কথা থাকলেও এবার তা মানা হয়নি। ১১ সদস্যের কমিশনের মধ্যে এক প্যানেলের ৭ জনকে চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে লিখিত আপত্তি এবং বিকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এভাবে যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং করা হয়, তাহলে আইনজীবীরা তা মেনে নেবেন না।’ তিনি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, উভয় পক্ষ থেকে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং ভোট গণনায় ডিজিটাল পদ্ধতি চালু করতে হবে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে। কিন্তু পূর্বনির্ধারিত বা পাতানো কোনো নির্বাচনে আমরা অংশ নেব না।’তিনি অভিযোগ করেন, অতীতে ব্যালট বাক্স সরিয়ে নিয়ে গিয়ে কার্যালয়ে ভোট গণনার মতো ঘটনাও ঘটেছে। তাই এবার প্রকাশ্য ও বিশ্বাসযোগ্য পদ্ধতিতে ভোটগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে সভাপতি ও সম্পাদকসহ ২৩টি পদে ভোটগ্রহণ হবে। প্রায় ৩০ হাজার আইনজীবী এতে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট বোরহান উদ্দিন।