সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রতি বুলিং বেড়ে গেছে: সেলিনা
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অপপ্রচার ও বুলিং উদ্বেগজনক হারে বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে সমাজের ভালো পরিবারের নারীরা রাজনীতিতে অংশ নিতে নিরুৎসাহিত হবেন।২১ এপ্রিল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি এ কথা বলেন।নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীরা পৃথকভাবে মনোনয়নপত্র জামা দেন।নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সেলিনা সুলতানা বলেন, ‘আমরা যতই নারী শাসন বা আইনের শাসনের কথা বলি না কেন, ৫ তারিখের পরে বাংলাদেশে কী হচ্ছে, আপনারা একটু দেখবেন। আমরা কেন সাইবার বুলিংয়ের শিকার হব? আপনার মা, বোন বা কন্যাকে কি আপনি এভাবে কথা বলতে পারেন?’সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান সেলিনা সুলতানা। তিনি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনটির ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সভাপতি। বিএনপির অন্য প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন।