• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ রাত ১১:৩১:০৭ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে বেসরকারি ক্লিনিকে অভিযান, জরিমানা ৫ লাখ

৬ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৩:৫০

নারায়ণগঞ্জে বেসরকারি ক্লিনিকে অভিযান, জরিমানা ৫ লাখ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৬ এপ্রিল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

অভিযান সূত্রে জানা যায়, মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়, অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ না করা, স্টেরিলাইজেশনের ঘাটতি, প্যাথোলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার প্রমাণ প্রদর্শনে ব্যর্থতা এবং বেড অনুযায়ী নার্সের স্বল্পতার মতো নানা অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

Ad

এছাড়া, পলি ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্সবিহীন কার্যক্রম, সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করা, ইচ্ছামতো মূল্য নির্ধারণ এবং দক্ষ জনবল ছাড়া প্যাথলজি পরীক্ষা পরিচালনার অভিযোগে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে র‍্যাব-১১, পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, “ তিনটি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us