সিলেট প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
আজ ৩ মে রোববার ভোর ৬টা ২৫ মিনিটের দিকে শ্রমিকবাহী একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে নির্মাণ শ্রমিকরা সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক নিহত হন। পরে গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মো. আলমগীর (৩২), সিলেট নগরের তোরাব উল্লাহ (৬০), রামিন (৪০), আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের রাভু আক্তার (২৫), কোম্পানীগঞ্জের হাফিজা বেগম (৩০) এবং দিরাইয়ের রাজা মিয়া (৪৫)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল কবির বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপ ও ট্রাকের চালকরা পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available