মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার আশঙ্কার মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ১০ জুন বুধবার আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি তেলের দাম প্রায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম ৮৩ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কিছুটা প্রশমিত হওয়ায় মঙ্গলবার তেলের দাম কমে যায়। সে সময় ব্রেন্ট ক্রুড ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন এবং ডব্লিউটিআই ২৯ মে’র পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।তবে পরিস্থিতি আবারও বদলে যায় ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর। এর জেরে হরমুজ প্রণালীর কাছাকাছি অঞ্চলে উত্তেজনা বাড়ে এবং তেল বাজারে অস্থিরতা ফিরে আসে।হরমুজ প্রণালীর কাছে কাশম দ্বীপে হামলার পর ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা ও মূল্য অস্থিরতা আরও বাড়তে পারে।