নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্কুলের কমন রুমে একা পেয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলকে (৪৩) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। সাময়িক বরখাস্তকৃত শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল উপজেলার দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল বুধবার উপজেলার দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালে নবম শ্রেণির এক ছাত্রী কমন রুমে একা বসে ছিলেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদাম কমন রুমে ঢুকে ওই ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করেন।

ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানালে ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানান এবং ক্ষিপ্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করেন। এ সময় ওই শিক্ষককে বিদ্যালয়ে না পাওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি মো. রাকিবুল হাসান অভিযুক্ত ওই শিক্ষক শ্রীদামকে সাময়িক বরখাস্ত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মিটিং করে বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও স্যার ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, ‘ঘটনার সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’ পরবর্তীতে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available