রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি-২৯৯ আসনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোর থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি; শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


সকাল সাড়ে ৯টায় রাঙামাটি সরকারি কলেজ ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ভোট প্রদান করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন এবং শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।
হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন জানিয়েছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। তবে কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা অভিযোগ করেছেন, তার কর্মী-সমর্থকদের জেলার বিভিন্ন দুর্গম এলাকায় বাধা দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের পহেল চাকমা অভিযোগ করেছেন, তার সমর্থক ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বিষয়টি উচ্চপর্যায়ে জানিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছেন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে বালির বস্তা দিয়ে তৈরি বাংকারে সশস্ত্র অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাঙামাটির ১০টি উপজেলা, দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।
এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ২১৩টি। এর মধ্যে ২০টি কেন্দ্র দুর্গম এলাকায় অবস্থিত। এছাড়া একটি পোস্টাল ভোট কেন্দ্র রয়েছে। ১৪৯টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে অনুমোদিত পোস্টাল ভোটের সংখ্যা ৫ হাজার ৩৬০টি। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাঙামাটি-২৯৯ আসনে এবার মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির অ্যাডভোকেট দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আবু বকর সিদ্দিক (রিকশা), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল) এবং গণ অধিকার পরিষদের এম এ আবুল বাশার (ট্রাক)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available