• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ১১:৩৩:০৬ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।১১ ফেব্রুয়ারি বুধবার রাত দেড়টার দিকে সীমান্তবর্তী পোল্ট্রিমোড় চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।বিজিবি সূত্রে জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে চরাঞ্চলের একটি শীর্ষ সন্ত্রাসী চক্র এসব অস্ত্র নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্প থেকে একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করে।বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর নির্বাচনি দায়িত্বপূর্ণ উপজেলার স্থাপিত বেইজ ক্যাম্প থেকে প্রায় ৪.৫ কিলোমিটার এবং সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৪ কিলোমিটার দূরে পোল্ট্রিমোড় চর এলাকায় অস্ত্র পাচারের সম্ভাব্য তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে রাত দেড়টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।বিজিবি আরও জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে। বিজিবির মহাপরিচালকের দিকনির্দেশনা এবং সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।এর আগে গত ১১ ডিসেম্বর তফশিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ১৩ জন আসামিসহ ৮টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।সাম্প্রতিক সময়ে সারাদেশে বিজিবি ৩৬টি বিদেশি পিস্তল, ২টি রাইফেল, ৩৯টি ম্যাগাজিন, ৬৪৮ রাউন্ড গুলি, ২টি মর্টার সেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করেছে।এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি আশাবাদী। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বর্ডার গার্ড বাংলাদেশ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান